চলতি পথে...
"ফুল দেখতে বেশ প্রশান্তিদায়ক। তাদের না আছে কোনো আবেগ, না আছে কোনো দ্বন্দ্ব।"
--সিগমুন্ড ফ্রয়েড (বিখ্যাত অস্ট্রীয় স্নায়ুবিজ্ঞানী এবং মনস্তাত্ত্বিক)
"যারা দেখতে চায়, তাদের জন্য সবসময়ই ফুল থাকে।"
--হেনরি ম্যাটিস (বিখ্যাত ফরাসি চিত্রশিল্পী)
হ্যাঁ, মনের প্রশান্তি ও সৌন্দর্য উপভোগের জন্য কে না ফুল দেখতে চায়? ফুলের রূপ, রঙ,গন্ধ মনে এনে দেয় প্রশান্তি। এদেশের প্রকৃতিতে নানা গাছপালা ও লতাগুল্মের সবুজ পাতার মাঝে বছর জুড়েই ফুটতে থাকে হরেক রকমের ফুল। তেমনই একটি নজরকাড়া উজ্জ্বল সোনালী-হলুদ রঙের ফুল 'গোল্ডেন পেন্ডা।' Myrtaceae পরিবারভুক্ত গোল্ডেন পেন্ডা'র উদ্ভিদতাত্ত্বিক নাম Xanthostemon chrysanthus, ইংরেজি নাম Golden Penda, First Love. ফুলটিকে কখনও কখনও 'ফার্স্ট লাভ' (First Love) বা 'প্রথম প্রেম' বলা হয়। এটি গুচ্ছাকার ও লম্বা ব্রাশের মতো পুংকেশরের জন্য পরিচিত একটি শোভাবর্ধক বাগান উদ্ভিদ। ফুলগুলো মিষ্টি গন্ধযুক্ত। ফুলগুলোতে প্রচুর পরিমাণে মধু উৎপাদিত হয় বিধায় ফুলে মৌমাছিদের বেশি আনাগোনা দেখা যায়। এর গাছের পাতাগুলো গাঢ় সবুজ, চকচকে ও চামড়ার মতো শক্ত প্রকৃতির। এর আদিনিবাস অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড হলেও বাংলাদেশেও সৌখিন উদ্ভিদ হিসেবে এটি জনপ্রিয়তা লাভ করেছে। গোল্ডেন পেন্ডা ফুলের ছবিগুলো রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় বৃক্ষ মেলা থেকে ধারণকৃত।
ছবি: খোন্দকার এরফান আলী
(২৬ জুলাই, ২০২৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন