চলতি পথে ...
প্রকৃতির রঙের খেলা বড়ই বিচিত্র। প্রকৃতির অন্যতম সৃষ্টি হাজারো প্রজাতির বৃক্ষরাজি ও উদ্ভিদসমূহ বিচিত্র রঙের ফুলে ফুলে সেজে ওঠে। যেন নানা রঙের এক বিষ্ময়কর খেলা, শিল্পী তুলিতে আঁকা একেকটি শিল্পকর্ম। চোখ ধাঁধানো বৈচিত্র্যময় নানা ফুলের রূপ, রঙ, সৌন্দর্য মানব মনেও এনে দেয় প্রশান্তি। ফলে প্রতিটি মানুষই ফুলের সৌন্দর্য উপভোগ করতে চায়। ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যেতে চায় ফুলের মনভুলানো সৌন্দর্যের রাজ্যে। প্রকৃতিতে ফুটে থাকা এমনই একটি ফুল হচ্ছে- 'এডেনিয়াম।' Apocynaceae পরিবারভুক্ত এর বেশ কয়েকটি প্রজাতির মধ্যে ছবির এই ফুলের গাছটির অনন্য কান্ডের গঠন এবং উজ্জ্বল ফুলের কারণে বেশ জনপ্রিয়। প্রজাতিভেদে ফুলগুলো সাধারণত লাল, গোলাপী, সাদা বা মিশ্র বর্ণের হয়ে থাকে। এই ফুলের গাছের কান্ডটি মাটির কাছাকাছি অতিরিক্ত মোটা ও স্ফীত হয়, যা মূলত পানি জমিয়ে রাখার কাজ করে। তবে এর পাতাগুলো বেশ চকচকে। এর উদ্ভিদতাত্তিক নাম Adenium obesum (Forssk.) Roem & Schutt, ইংরেজি নাম Adenium, Desert Rose. এটি আফ্রিকা ও আরব উপদ্বীপের স্থানীয় একটি উদ্ভিদ হলেও বর্তমানে সারা বিশ্বে শৌখিন বাগান ও টবে অত্যন্ত জনপ্রিয়। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলা থেকে এই এডেনিয়াম ফুলের ছবিগুলো ধারণকৃত।
ছবি: খোন্দকার এরফান আলী
(০১ আগষ্ট, ২০২৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন