বয়স ৪০, একটা মধ্যবিত্ত পরিবারের কর্তা। তবে কিছুদিন পর যে সমস্যা হবে সেটার শুরু নিজেই করেছিলেন অনেক বছর আগে, কলেযে থাকতে।
তিনি জেলা শহরের একটা বেসরকারি ব্যাংকের ক্যাশিয়ার। সারাদিন কাউন্টারে গ্রাহকের লাইন, টাকা গোনা, আর দিন শেষে ক্যাশ মেলানো।
এসবের ফাঁকে দিনে ছয় সাত গরম গরম চা।
ঘরে স্ত্রী, ক্লাস সেভেনে পড়া ছেলে, ক্লাস টুতে পড়া মেয়ে। গ্রামে বাবা-মা, প্রতি মাসে টাকা পাঠাতে হয়। বাড়িভাড়া, ছেলেমেয়ের পড়ার খরচ, ব্যাংক লোনের কিস্তি, সবকিছু এই এক মানুষের বেতনের ওপর।
সমস্যার শুরুটা কলেজে। চায়ের দোকানে বন্ধুদের আড্ডায় কেউ একজন পানের সাথে জর্দা এগিয়ে দিল। "একদিন খেলে কী হয়!" সেই একদিন আর শেষ হলো না। ২২ বছর পেরিয়ে গেছে। প্রতি বেলা খাওয়ার পর জর্দা দিয়ে পান, মাঝেমাঝে বিকেলে ক্লান্ত লাগলে আরেকটা।
মেয়ে হওয়ার পর স্ত্রী বলেছিলেন, "এসব ছাড়ো।" তিনি দুইবার চেষ্টা করেছিলেন। দুইবারই এক সপ্তাহের মাথায় অস্থির লাগত, মাথা ভার হয়ে যেত, আবার শুরু করতেন। সিগারেট কখনো ধরেননি, তাই নিজেকে বোঝাতেন, "আমি তো ধোঁয়া খাই না, আমার ক্ষতি কীসের?"
মাস চারেক আগে, কাউন্টারে ভিড়ের ফাঁকে টিফিন বক্সের ভাত খেতে গিয়ে একটা লোকমা বুকের মাঝখানে এসে আটকে গেল। পানি খেয়ে নামালেন। ভাবলেন, তাড়াহুড়োয় হয়েছে। ক্যাশিয়ারের তো খাওয়ার সময় ঠিক থাকে না।
কয়েকদিন পর আবার। তারপর আবার।
নিজের অজান্তেই তিনি খাওয়া বদলাতে শুরু করলেন। প্রতি লোকমায় এক ঢোক পানি। রুটি আর মাংস বাদ। ভাতটা নরম করে রাঁধতে বললেন। তারপর ভাতও আর নামে না, তখন খিচুড়ি, নুডুলস, স্যুপ।
স্ত্রী লক্ষ্য করলেন, প্লেটে মাংস দিলে পড়ে থাকে। জিজ্ঞেস করলে উত্তর দেন, "এখন বয়স হয়েছে তো, এসব মাংস, তেলের খাবার পেটে সয় না।"
চার মাসে ওজন কমল প্রায় নয় কেজি। অফিসের শার্ট ঢিলা হয়ে গেল, বেল্টে নতুন ফুটো করতে হলো। সহকর্মীরা বললেন, "টেনশনে শুকিয়ে যাচ্ছেন।" ফার্মেসির দোকানদার বললেন, "গ্যাস্ট্রিক, একটা কোর্স খেয়ে দেখেন।" তিনি খেলেন। কাজ হলো না।
তবু ডাক্তারের কাছে গেলেন না। হিসাবটা তাঁর কাছে সোজা ছিল: ডাক্তার মানে টেস্ট, টেস্ট মানে খরচ, আর ছুটি তো এই জায়গায় সোনার হরিণ। আর ৪০ বছর বয়সে আবার বড় রোগ কী হবে?
একদিন কাউন্টারে ভিড়ের মধ্যে চা মুখে দিতেই পানিটুকুও গলায় আটকে গেল। কাশি, চোখ দিয়ে পানি, গ্রাহকদের সামনেই।
এক সহকর্মী বললেন, "ভাই, আজই যান।" সেই রাতে স্ত্রীও রাগারাগি করলেন, "কাল ডাক্তার দেখাতে হবে! আর কোনো কথা নেই।"
গেলেন এক মেডিসিন ডাক্তারের কাছে। সব খুলে বললেন।
ডাক্তার জিজ্ঞেস করলেন "শুরুতে কোন খাবার আটকাত? এখন কোনটা নামে?" উত্তর শুনে বললেন, "আচ্ছা, তাহলে প্রথমে শক্ত খাবার খেতে কষ্ট হয়েছিল, ধাপে ধাপে বেড়ে এতদূর। এন্ডোস্কোপি করতে হবে।" তারপর জিজ্ঞেস করলেন, "তামাক, জর্দা, সাদাপাতা কিছু খান?"
তিনি একটু চুপ থেকে বললেন, "জর্দা দিয়ে পান খাই। তবে স্যার সিগারেট খাই না।"
ডাক্তারের মুখটা একটু মলিন হয়ে এলো।
এন্ডোস্কোপিতে খাদ্যনালির ভেতরে একটা এবড়োখেবড়ো টিউমার পাওয়া গেল, পথটা অনেক সরু হয়ে গেছে। ডাক্তার সেখান থেকেই টুকরো নিয়ে বায়োপসির জন্য পাঠালেন, আর সিটি স্ক্যান করাতে বললেন।
বায়োপসির রিপোর্টে এলো স্কোয়ামাস সেল কার্সিনোমা।
**"মানে খাদ্যানালীর ক্যান্সার হয়েছে।**
এরপর সিটি স্ক্যানে দেখা গেল রোগ আশেপাশে ছড়িয়ে গেছে।
ডাক্তার স্ত্রী আর ছোট ভাইকে আলাদা ডেকে সমস্যাটা বললেন।
চিকিৎসা হবে কঠিন আর দীর্ঘ, ঢাকায় ক্যান্সার বিশেষজ্ঞের কাছে যেতে হবে। কেমোথেরাপি আর রেডিওথেরাপি দিয়ে শুরু, পরে অপারেশন সম্ভব কি না তা দেখা হবে।
আর একটা কথা না বলতে গিয়েও বলে দিলেন,
"প্রথম যেদিন গিলতে কষ্ট হয়েছিল, সেদিন এলে হয়তো আরও বেশি বিকল্প থাকত।"
এখন তিনি ঢাকায় যাতায়াত করছেন। ব্যাংক ছুটি দিয়েছে, কিন্তু খরচ চলছে সঞ্চয় আর ভাইয়ের ধারে। ছেলে জিজ্ঞেস করে, "বাবা, তোমার কী হয়েছে?" তিনি বলেন, "গলায় একটু সমস্যা, সেরে যাবে।"
শেষটা হয়তো অনেকেই আন্দাজ করতে পেরেছেন।
কেমোথেরাপি আর রেডিওথেরাপির ধকলে শরীর ক্রমশ দুর্বল হতে থাকল। টিউমার একবার একটু ছোট হলো, কিন্তু আবারও বাড়ল।
ধীরে ধীরে তরল খাবারও আর নামে না। নিজের মুখের লালাটুকুও গিলতে পারতেন না, বারবার গড়িয়ে পড়ত। ডাক্তাররা খাবারের জন্য নল লাগিয়ে দিলেন।
যে মানুষ দিনে ছয় সাত কাপ চা খেতেন, তিনি এক ঢোক পানিও মুখে নিতে পারতেন না। স্ত্রী সারারাত তুলোয় পানি ভিজিয়ে তাঁর ঠোঁট আর মুখ ভিজিয়ে দিতেন।
সবচেয়ে কঠিন ছিল ছেলেমেয়ের সামনে। মেয়ে স্কুল থেকে ফিরে ব্যাগ নামিয়েই বাবার পাশে গিয়ে বসত, সারাদিনের গল্প শোনাত। বাবা কথা বলার শক্তি পেতেন না, শুধু হাত বাড়িয়ে ওর মাথায় বুলিয়ে দিতেন। ক্লাস সেভেনের ছেলেটা ততদিনে সব বুঝে গেছে। সে আর কিছু জিজ্ঞেস করত না, শুধু বাবার পায়ের কাছে চুপ করে বসে থাকত।
শেষের দিকে ফুসফুসে ইনফেকশন হলো। লালা খাদ্যনালিতে না যেতে পেরে ভুল পথে ফুসফুসে চলে যাচ্ছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করা হলো। জ্বর, শ্বাসকষ্ট, আর শরীর আর লড়তে পারছিল না।
শেষ রাতে একবার চোখ খুলে স্ত্রীর দিকে তাকিয়ে ফিসফিস করে বললেন, "আমি তো ভাবতাম ধোঁয়া নেই, তাই ক্ষতি নেই।"
আবার একটু থেমে বললেন, "আহারে, প্রথম দিন যদি যেতাম।"
**ভোরের আজানের একটু আগে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন।**
আসলে ভেতরে কী হয়েছিল?
খাদ্যনালি গলা থেকে পাকস্থলী পর্যন্ত একটা লম্বা পেশির পাইপের মতো। এর ভেতরের দেয়ালে পাতলা একটা আস্তরণ থাকে। জর্দা বা সাদাপাতার মতো চিবানো তামাকেও ক্যান্সারের রাসায়নিক আছে (যেমন নাইট্রোসামিন), ধোঁয়া না থাকলেও। বছরের পর বছর এগুলো আস্তরণের কোষের ডিএনএ নষ্ট করে। এর সাথে বারবার খুব গরম চা আস্তরণকে আঘাত করে, যা সম্ভবত ঝুঁকি আরও বাড়ায়। একসময় কোনো একটা কোষ নিয়ন্ত্রণ হারিয়ে অনবরত বাড়তে থাকে। এটাই ক্যান্সার।
কেন এত দেরিতে ধরা পড়ে?
আল্লাহ খাদ্যনালি খুবই নমনীয় করে দিয়েছেন, যাতে বড় খাবারের দলা গেলেও আমরা খুব সহজেই গিলতে পারি।
তাই এই খাদ্যনালিতে হওয়া টিউমার ভেতরে একটু বড় হলেও খাবার কোনোমতে নেমে যায়। নলটা যথেষ্ট সরু হলে তবেই গিলতে কষ্ট শুরু হয়। অর্থাৎ প্রথম লক্ষণ আসার সময় রোগ প্রায়ই কিছুটা এগিয়ে গেছে। আর প্রথম দিকে ব্যথাও থাকে না।
আর বুকের ভেতরে থাকা অংশে খাদ্যনালির বাইরে মজবুত আলাদা আবরণ নেই, তাই আশেপাশে ছড়িয়ে পড়াও সহজ।
আরেকটা ব্যাপার, রোগী নিজেই খাবার বদলে বদলে মানিয়ে নেন। তাই "আমি অসুস্থ" এই অনুভূতিটাই আসে না।
৪০ বছরে কি এটা হতে পারে?
বয়স বাড়লে ঝুঁকি বাড়ে, সাধারণত চল্লিশের পর। চল্লিশের কোঠায় এটা খুব সাধারণ নয়, কিন্তু অসম্ভবও নয়। আর তামাকের ক্ষেত্রে ঝুঁকি নির্ভর করে কত বছর ধরে ব্যবহার হচ্ছে তার ওপর। ২২ বছর, প্রতিদিন, প্রতি বেলা, সেই হিসাবটাই জমছিল।
কাদের ঝুঁকি বেশি?
• তামাক খান যারা, যেকোনো রূপে: সিগারেট, বিড়ি, জর্দা, সাদাপাতা, গুল
• তামাকের সাথে পান-সুপারি চিবানোর অভ্যাস
• মদ্যপান
• নিয়মিত খুব গরম (৬৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে) চা বা পানীয়, যা সম্ভবত ঝুঁকি বাড়ায়
• বছরের পর বছর এসিড রিফ্লাক্স (বুক জ্বালা, টক পানি গলায় উঠে আসা) আর অতিরিক্ত ওজন, যা খাদ্যনালির নিচের অংশে আরেক ধরনের ক্যান্সারের (অ্যাডেনোকার্সিনোমা) ঝুঁকি বাড়ায়
• ছোটবেলায় অ্যাসিড বা ক্ষারজাতীয় কিছু (যেমন টয়লেট ক্লিনার) খেয়ে খাদ্যনালি পুড়ে সরু হয়ে যাওয়া
• পুরুষদের মধ্যে তুলনামূলক বেশি
তাহলে এই লক্ষণগুলো দেখলে দেরি করবেন না:
১. গিলতে কষ্ট, বিশেষ করে ভাত, রুটি, মাংসে, যা ধীরে ধীরে বাড়ছে
২. খাবার গিলতে ব্যথা বা বুকের মাঝখানে আটকে থাকার অনুভূতি
৩. ক্ষুধা থাকা সত্ত্বেও কারণ ছাড়া ওজন কমা
৪. বারবার বমি বা খাবার মুখে উঠে আসা
৫. অনেকদিন ধরে গলা ভারী বা স্বর বসে যাওয়া
৬. রক্তবমি, কালো পায়খানা, বা রক্তশূন্যতা
৭. খাওয়ার পর কাশি, বারবার বুকে ইনফেকশন
তাহলে গলায় খাবার আটকালেই কি ক্যান্সার?
না। ক্যান্সার ছাড়াও গিলতে কষ্টের অনেক কারণ আছে, যেমন রিফ্লাক্সের কারণে খাদ্যনালি সরু হয়ে যাওয়া, খাদ্যনালির নিচের মুখ ঠিকমতো না খোলা (অ্যাকালেশিয়া), বা পুরনো পুড়ে যাওয়ার দাগ। এগুলোর অনেকটারই ভালো চিকিৎসা আছে। আবার বুক জ্বালা বা গ্যাস্ট্রিক থাকলেই ক্যান্সার হয় না, অধিকাংশ রিফ্লাক্সের রোগীর ক্যান্সার হয় না।
কিন্তু কোনটা কী, তা এন্ডোস্কোপি ছাড়া বোঝার উপায় নেই। তাই গিলতে কষ্ট নতুন করে শুরু হয়ে কয়েক সপ্তাহ চললে, কিংবা গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও না কমলে, বসে থাকবেন না। মেডিসিন বা গ্যাস্ট্রোএন্টারোলজির ডাক্তার দেখান।
এন্ডোস্কোপি করে সেখান থেকে টুকরো নিয়ে পরীক্ষা (বায়োপসি) করা হয়। তারপর সিটি স্ক্যান ইত্যাদি দিয়ে দেখা হয় রোগ কতদূর ছড়িয়েছে। সাধারণ মানুষের জন্য প্রচলিত কোনো স্ক্রিনিং পরীক্ষা নেই, তাই লক্ষণই আমাদের প্রধান সংকেত।
চিকিৎসা নির্ভর করে রোগ কোন ধাপে আছে তার ওপর। একদম শুরুতে ধরা পড়লে এন্ডোস্কোপির মাধ্যমেই আক্রান্ত অংশ তুলে ফেলা যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কেমোথেরাপি ও রেডিওথেরাপি লাগে, অনেকের ক্ষেত্রে অপারেশনও। যত আগে ধরা পড়ে, সুযোগ তত বেশি।
প্রতিরোধে কী করবেন?
• জর্দা, সাদাপাতা, পান-সুপারি, তামাক ছাড়ুন। ছাড়া কঠিন, নেশা একদিনে ধরে না, ছাড়তেও সময় লাগে। ডাক্তারের সাহায্য নিন। ছেড়ে দিলে ঝুঁকি ধীরে ধীরে কমতে পারে, যত আগে ছাড়বেন তত ভালো
• মদ্যপান নয়
• চা বা গরম পানীয় একটু ঠান্ডা করে খান
• দীর্ঘদিনের রিফ্লাক্স থাকলে ডাক্তারের পরামর্শ নিন, ওজন নিয়ন্ত্রণে রাখুন
• অ্যাসিড, ক্ষার বা টয়লেট ক্লিনার কখনো পানির বোতলে রাখবেন না, শিশুর নাগালের বাইরে রাখুন
আপনার ভাই, বন্ধু, স্বামী বা সহকর্মী যদি বলেন "খাবার গলায় আটকায়, আজকাল নরম খাবার ছাড়া খেতে পারি না", তাকে "টেনশনে হচ্ছে" বা "গ্যাস্ট্রিক" বলে উড়িয়ে দেবেন না।
পরিবারের চিন্তা, কিস্তি বা খরচের ভয়ে ডাক্তার দেখাতে দেরি করলে, শেষে সেই দামটাই অনেক বেশি দিতে হয়।
খাদ্যনালির ক্যান্সার খুব নীরবে আসে, একটা কথা বলে শুধু: গিলতে কষ্ট। সেই কথাটা শুনুন।
সবাই সচেতন হোন, সুস্থ থাকুন।
~ শাহরিয়ার, এমবিবিএস ফাইনাল ইয়ার।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন