চলতি পথে ....
ইংরেজি সাহিত্যের রোমান্টিক যুগের অন্যতম শ্রেষ্ঠ, বিদ্রোহী ও আদর্শবাদী কবি পার্সি বাইশ শেলি (Percy Bysshe Shelley) তার বিখ্যাত কবিতা 'Mutability' তে ফুলের ক্ষণস্থায়ী সৌন্দর্য ও রূপ নিয়ে বলেছেন,"The flower that smiles to-dayTo-morrow dies; All that we wish to stayTempts and then flies."- অর্থাৎ 'আজ যে ফুল হাসে, আগামীকাল তা ঝরে যায়;আমরা যা কিছু ধরে রাখতে চাই,তা প্রথমে প্রলুব্ধ করে এবং তারপর উড়ে যায়।' আবার মার্কিন ইংরেজ লেখক আর্থার ক্লিভল্যান্ড কোক্স (Arthur Cleveland Coxe) এর মতে Flowers are words which even a babe may understand.” অর্থাৎ "ফুল হলো এমন শব্দ যা একটি শিশুও বুঝতে পারে।" হ্যাঁ, একটি মাত্র শব্দ 'ফুল।' প্রকৃতির অপূর্ব সৃষ্টি ফুলের রূপ ও সৌন্দর্য ক্ষণস্থায়ী হলেও শিশু থেকে বৃদ্ধ সকলকেই মুগ্ধ করে। এই ধরণীতে ফোটা প্রতিটি ফুলই যেন তার রূপ মাধুর্য বিলিয়ে দিয়ে প্রাকৃতিকে সাজিয়ে তোলে অনন্য রূপে। কবি, সাহিত্যিক, শিল্পীর চোখে ধরা দেয় জীবন্ত ক্যানভাস হিসেবে। তেমনই একটি নজরকাড়া উজ্জ্বল তারার মতো ফুল 'গুজমানিয়া।' Bromeliaceae পরিবারভুক্ত গুজমানিয়া ফুলের উদ্ভিদতাত্ত্বিক নাম Guzmania, ইংরেজি নাম Tufted Airplant, Vase Plant বা Scarlet Star. এটি বহুবর্ষজীবী জনপ্রিয় ক্রান্তীয় ব্রোমেলিয়াড উদ্ভিদ। চিরসবুজ এই উদ্ভিদটি তারার মতো আকৃতির মঞ্জরিপত্রের জন্য পরিচিত। সুস্পষ্ট লাল কাঠামোটি আসলে ফুল নয়, বরং ব্র্যাক্ট নামক রঙিন পাতা যা ভেতরের ছোট সাদা বা হলুদ ফুলগুলোকে রক্ষা করে। এরা উজ্জ্বল, পরোক্ষ আলোতে ভালো জন্মায়। ঘরের ভিতরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এটি আদর্শ উদ্ভিদ। রাজধানীর আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ মেলায় এর দেখা মেলে।
ছবি: খোন্দকার এরফান আলী
(২৭ জুলাই, ২০২৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন