চলতি পথে ..... (পর্ব:১৩৭)
কংক্রিটের এই শহরে একটি উজ্জ্বল হলুদ রঙের ফুল আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এখনো তার রূপের পসরা সাজিয়ে বসে আছে। মিষ্টি রোদে শহরের কোন এক রাস্তায় পা রেখে এই ফুলের দিকে তাকালেই মনে হবে কোনো রুপকথার হলুদ পরী ডানা মেলে নেমে এসেছে সবুজ পাতার গালিচায়। শরতের মৃদু বাতাসে যখন ফুলগুলো দুলে ওঠে তখন মনে হয় তারা কোন গোপন সুরে গান গাইছে। হ্যাঁ, বলছি 'স্বর্ণঝুরি' ফুলের কথা। স্বর্ণঝুরি যেন ফুল নয়, প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম।
Bignoniaceae পরিবারভুক্ত 'স্বর্ণঝুরি' ফুলের উদ্ভিদতত্তিক নাম Tecoma stans (L.) Juss. ex Kunth.ইংরেজি নাম Yellow Trumpetbush, Yellow Bell. এটি চিরসবুজ গুল্ম এবং দ্রুত বর্ধনশীল ছোট আকৃতির আকর্ষণীয় ফুল গাছ। এর গাছটি বেশ ঝোপালো প্রকৃতির এবং ১০ থেকে ৩০ ফুট পর্যন্ত লম্বা হতে পারে। এর ফুলগুলো উজ্জ্বল হলুদ রঙের এবং দেখতে তূর্য বা ট্রাম্পেটের মতো (Trumpet-shaped)।ফুলগুলো শাখার ডগায় থোকায় থোকায় ফোটে। প্রায় সারা বছরই, বিশেষ করে বর্ষা ও শরতে এর গাছে প্রচুর ফুল ফোটে। এর পাতা উজ্জ্বল সবুজ, বিপরীতমুখী এবং তীক্ষ্ণভাবে খাজকাটা। এর আদি নিবাস আমেরিকা মহাদেশের ক্রান্তীয় অঞ্চল (বিশেষ করে মেক্সিকো এবং টেক্সাস)। বর্তমানে বাংলাদেশ, ভারতসহ বিশ্বের বিভিন্ন ক্রান্তীয় ও উপ-ক্রান্তীয় অঞ্চলে এটি আলংকারিক বা সৌন্দর্যবর্ধনকারী গাছ হিসেবে বেশ পরিচিত। পার্ক, বাগান, রাস্তার পাশে এবং বাড়ির শোভাবর্ধনের জন্য এটি অত্যন্ত জনপ্রিয়।
তবে উল্লেখ্য যে, 'স্বর্ণঝুরি' (Tecoma stans) এবং 'টিকোমা' (Tecoma gaudichaudii) উভয় ফুলই একই উদ্ভিদ পরিবার Bignoniaceae-এর অন্তর্ভুক্ত এবং দেখতে প্রায় একই রকম হওয়ায় এদেরকে অনেক সময় আলাদা করা কঠিন হয়। তবে উদ্ভিদতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে এদের মধ্যে কিছু প্রধান পার্থক্য রয়েছে, যার মধ্যে পাতার গঠন সবচেয়ে গুরুত্বপূর্ণ। অনেকে স্বর্ণঝুরি ও টিকোমা ফুলকে মিলিয়ে ফেলেন। আজকের আলোচিত এই 'স্বর্ণঝুরি' ফুলের ছবিগুলো রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা এলাকা থেকে তোলা।
ছবি: খোন্দকার এরফান আলী
(১২ সেপ্টেম্বর, ২০২৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন