চলতি পথে ...(পর্ব:১৩৮)
রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আধুনিক ভাষা ইনস্টিটিউট হয়ে নিলক্ষেতের দিকে এগুতেই রোড ডিভাইডার (সড়ক বিভাজন) এর উপর চোখ যেতেই সারি সারি গাছ ও এর আকর্ষণীয় উজ্জ্বল হলুদ ফুলে চোখ আটকে যায়। থমকে দাঁড়াই। এতো দেখছি ঝোপঝাড় আলো করা এক ঔষধি বুনো গাছ ও ফুল। যার অনন্য রূপের আড়ালে রয়েছে এক দারুণ ভেষজ কার্যকারিতা। এর নাম 'দাদমর্দন।' এর হলুদ ফুলের নজরকাড়া রূপ যেকোনো পথিককেই আকর্ষণ করে। সেইসাথে এর ফুলের মধু খেতে সারাদিন ডানা মেলে ঘুরে বেড়ায় রঙিন প্রজাপতি ও মৌমাছির দল।
Caesalpiniaceae পরিবারভুক্ত 'দাদমর্দন' এর উদ্ভিদতাত্তিক নাম Senna alata (L.) Roxb. (Syn: Cassia alata), ইংরেজি নাম Candle Bush. এটি একটি বহুবর্ষজীবি মাঝারি গড়নের দ্রুত বর্ধনশীল গুল্মজাতীয় ঝোপালো প্রকৃতির উদ্ভিদ। এর গাছ সাধারণত ১ থেকে ৪মিটার পর্যন্ত লম্বা হতে পারে। এর হলুদ রঙের ফুলগুলো মোমের মতো গাছের শাখার ডগায় খাড়াভাবে থোকা ধরে ফোটে। ফুলের কুঁড়িগুলো গাঢ় হলুদ বা কমলা-হলুদ রঙের আবরণী দিয়ে ঢাকা থাকে। পুরো গাছটি হলুদ ফুলে ভরে গেলে এর অনিন্দ্য রুপ ফুটে ওঠে। তখন দূর থেকে দেখলে মনে হয় যেন সবুজ গাছের ওপর হলুদ রঙের জ্বলন্ত মোমবাতি দাঁড়িয়ে আছে। এর এই বিশেষ গঠনের কারণেই এর ইংরেজি নাম হয়েছে Candle Bush. এর ফুল গন্ধহীন। আর পাতাগুলো অনেকটা বাবলা বা তেঁতুল পাতার মতো, তবে আকারে বেশ বড় ও চ্যাপ্টা হয়। এটি ত্বক ও ঔষধি গুণের জন্য বিশেষভাবে পরিচিত। চর্মরোগ নিরাময়ে বিশেষ করে এর পাতা পিষে রস তৈরি করে দাদ, একজিমা, চুলকানি ও পাঁচড়ায় লাগালে দ্রুত উপকার পাওয়া যায়। একারণেই এর নাম হয়েছে দাদমর্দন। ভেষজবিদদের মতে এতে থাকা অ্যান্টিফাঙ্গাল উপাদান ছত্রাকজনিত সংক্রমণ দূর করে। এছাড়াও কোষ্ঠকাঠিন্যসহ ঐতিহ্যগত নানা চিকিৎসায় এর ব্যবহার রয়েছে। বাংলাদেশের গ্ৰামাঞ্চলে চরের ধার, রাস্তার পাশে, ঝোপঝাড়ে অবহেলা আর অযত্নে এরা বেড়ে ওঠে। তবে ঝোপঝাড় কেটে ফেলার কারণে অলংকারিক এই বুনো সৌন্দর্য দিন দিন হারিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনাবিল সৌন্দর্য ছড়াচ্ছে এই দাদমর্দন।
ছবি: খোন্দকার এরফান আলী
(১৩ সেপ্টেম্বর, ২০২৬)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন